Cox News

পটিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি মোহাম্মদ আসিফ ওই এলাকার আবু তাহেরের পুত্র। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, আসিফ দীর্ঘদিন ধরে একটি ধর্ষণের মামলায় পলাতক ছিলেন। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মু. মনির হোসেন জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন প্রেরণের পর প্রধান আসামি মোহাম্মদ আসিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ধর্ষণের মামলায় পরোয়ানাভুক্ত আসিফকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পটিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার