Cox News

কেরানীগঞ্জে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবারও তানজিলা (১৭) নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ। মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদারবাগ গ্রিন সিটি-সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তানজিলা বাঘৈর রাজেন্দ্রপুর এলাকার মৃত হাবিব মিয়ার মেয়ে। পুলিশ জানায়, স্থানীয় লোকজন গদারবাগ গ্রিন সিটি-সংলগ্ন বালুর মাঠ এলাকায় কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টার দিকে তানজিলা নিজ বাড়ি রাজেন্দ্রপুর থেকে কালিন্দীতে তার খালার বাড়ি যায়। পরে দুপুরে খাওয়াদাওয়া শেষে বেলা ৩টার দিকে বাড়ির উদ্দেশে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। আজ সকালে গদারবাগ গ্রিন সিটি-সংলগ্ন বালুর মাঠ এলাকায় তার মরদেহ পাওয়া যায়। পরে তানজিলার মা নাছিমা বেগম মরদেহটি শনাক্ত করেন। কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. মামুন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে ২১ জুলাই খোলামোড়া মডেল টাউন এলাকায় রুহুল আমিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি—তিনি ঋণের চাপে আত্মহত্যা করেছিলেন। এ ছাড়া একই এলাকায় ২৬ জুলাই মমতাজ (৩০) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি ঘটনাই পৃথকভাবে তদন্তাধীন রয়েছে।

কেরানীগঞ্জে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার