Cox News

শক্ত থাকো, মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হারানো লিওনেল মেসিকে সমবেদনা জানিয়েছেন বর্তমান-সাবেক অনেক ফুটবলার। সেই তালিকায় এবার যোগ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড। মেসির সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমার ও তোমার প্রিয়জনদের জন্য অনেক বড় এক আলিঙ্গন, লিও। শক্ত থাকো।’ দীর্ঘ ওই বার্তায় বাবা হোর্হেকে নিয়ে অনেক কিছুই লিখেছেন মেসি। বাবা মেসিকে আরেকটি বিশ্বকাপে খেলতে দেখতে চেয়েছিলেন। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে হোর্হের শারীরিক অবস্থার অবনতি হয়। তখন মেসির মা তাঁকে আশ্বস্ত করতেন, তাঁর বাবা সুস্থ হয়ে উঠবেন এবং মাটে বসে ছেলেকে বিশ্বকাপ খেলতে দেখবেন। ওই বার্তায় মেসি লিখেছেন, ‘বাবা, তুমি বারবার বলতে—আমি যেন আরেকটি বিশ্বকাপ খেলি… কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে তোমার শারীরিক অবস্থার অবনতি হলো। সেই প্রথমবার তুমি কোনো টুর্নামেন্টে আমার সঙ্গে থাকতে পারলে না… কিন্তু মা আমাকে বারবার বলতেন, তুমি সুস্থ হয়ে উঠবে এবং আমাকে খেলতে দেখতে যাওয়ার মতো অবস্থায় থাকবে।’ বাবাকে বিশ্বকাপের ফাইনালে দেখার আশায় মেসি প্রতিজ্ঞা করেছিলেন, আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাবেন তিনি। এই প্রসঙ্গে মেসি লিখেছেন, ‘আমি তোমাকে বারবার বলতাম, আমরা বিশ্বকাপের ফাইনালে উঠব, যাতে তুমি সেখানে যেতে পারো। সেটিই আবার আমার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল।” তবে প্রতিটি ম্যাচের পর বাবার বার্তার অপেক্ষায় থাকা মেসি ধীরে ধীরে বুঝতে পারেন, হোর্হের শারীরিক অবস্থা কতটা গুরুতর হয়ে উঠেছে, ‘প্রতিটি ম্যাচের পর আমি তোমার বার্তার অপেক্ষা করতাম এবং সেটি না পেয়ে তোমাকে ভীষণভাবে অনুভব করতাম। তখনই বুঝতে পারি, পরিস্থিতি কতটা গুরুতর হয়ে উঠেছে। যতটা সম্ভব এগিয়ে যাওয়ার কথা ভাবা ছাড়া আর কিছুই করতে পারতাম না। তোমাকে আরও কিছুটা সময় দেওয়ার এবং অন্তত একটি ম্যাচ দেখার সুযোগ করে দেওয়ার জন্যই এগিয়ে যেতে চেয়েছিলাম।’ আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে উঠলেও মেসির বাবা দেখতে পারেননি। বাবার জন্য ট্রফি জিততে চেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। কিন্তু শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না থাকায় শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করতে পারেননি তিনি, ‘আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি চেয়েছিলাম জিতে ট্রফিটা তোমার কাছে নিয়ে যেতে এবং তোমাকে আরেকটি ট্রফি দেখাতে। কিন্তু আমি পারিনি। আমার পা দুটো আর আমাকে এগিয়ে নেওয়ার মতো অবস্থায় ছিল না। এবার আমি আমার শরীর যতটা সহ্য করতে পারে, তারও বেশি দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। শারীরিকভাবে নিজেকে কখনোই পুরোপুরি ঠিক মনে হয়নি।’

শক্ত থাকো, মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা