Cox News

ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলায় সাপের কামড়ে সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান ওরফে আসাদের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আসাদুজ্জামান ওরফে আসাদ (৬০) উপজেলার বড়কান্দা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত হাজি আব্দুস সামাদের ছেলে। স্থানীয়রা জানান, নিজ বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে দ্রুত মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) মজুত রয়েছে। দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. ঝুমুর রোগীর ক্লটিং টেস্ট করিয়েছেন। প্রায় ২০ মিনিট রক্ত পর্যবেক্ষণে রাখা হলেও সাপের বিষক্রিয়ার নিশ্চিত কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি বলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন। পরে রোগীর স্বজনেরা নিজেদের ইচ্ছায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে চাইলে তাদের রেফার করা হয়। তবে ডা. ঝুমুর তাদের হাসপাতালে রেখেও পর্যবেক্ষণে রাখার সুযোগের কথা জানিয়েছিলেন। পরবর্তী সময়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, ভয়ের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখার বিষয়।

ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু