প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ তৈরি করা হবে। এর মাধ্যমে কিশোর-কিশোরীদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা সম্ভব হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্যও খেলার আয়োজন ইতিমধ্যে শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা খেলার মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘আমরা সারা বাংলাদেশের ৬৪টি জেলাতে স্পোর্টস ভিলেজ তৈরী করছি। চলতি অর্থবছরে ১০টি অঞ্চলের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ তৈরী করব।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা দূর করে একটি মানবিক রাষ্ট্র আমরা চাই এবং সেই সঙ্গে রাজনীতির গুনগত পরিবর্তন চাই। আর সেটির অন্যতম মাধ্যম হবে খেলাধুলা।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।