Cox News

সুষ্ঠুভাবে কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই কৃষিক্ষেত্রে ঐতিহ্য সমুন্নত রাখতে হবে: বিএডিসি চেয়ারম্যান

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর আর্থিক ও ভৌত অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এডিপি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত কার্যক্রমসমূহের আর্থিক ও ভৌত অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আজ বুধবার (২৯ জুলাই) সংস্থার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন প্রকল্প পরিচালক, বিভাগ ও উইং প্রধানেরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর মধ্যে সংশ্লিষ্ট অর্থবছরে এডিপি বাস্তবায়নে বিএডিসি শীর্ষ স্থান অর্জন করেছে। এ প্রসঙ্গে বিএডিসির চেয়ারম্যান বলেন, কৃষি শব্দটির সঙ্গেই বিএডিসি ওতপ্রোতভাবে জড়িত। কৃষিক্ষেত্রে যে কোনো পর্যায়ে সভা অনুষ্ঠিত হলে সেখানেই স্বয়ংক্রিয়ভাবে বিএডিসির নামটি আলোচনায় উঠে আসে। এর অর্থ দাঁড়ায়, কৃষি ও কৃষকের উন্নয়নে বিএডিসির প্রতি সরকারের গভীর বিশ্বাস ও আস্থা রয়েছে। চেয়ারম্যান আরও বলেন, ‘বিএডিসির প্রতি সরকারের বিশ্বাস ও আস্থা এবং গৌরবময় ঐতিহ্য আমাদের আরও সুচারুরূপে কার্যক্রম সম্পাদনের মাধ্যমে সমুন্নত রাখতে হবে।’ স্মার্ট ও আধুনিক কৃষি ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে বিএডিসির কার্যক্রমের পরিধি আরও বিস্তৃতির ক্ষেত্রে সরকারের গভীর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। বিএডিসির চেয়ারম্যান আরও বলেন, কৃষিক্ষেত্রে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারমূলক কাজ যেমন-গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদন, আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অভ্যন্তরে কৃষকদের চাহিদা অনুযায়ী পাটবীজ উৎপাদন এবং বৃক্ষরোপণের মহাপরিকল্পনা প্রভৃতি বাস্তবায়নে সুনির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট সকলকে অধিক দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কর্মসম্পাদনের নির্দেশনা প্রদান করেন।

সুষ্ঠুভাবে কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই কৃষিক্ষেত্রে ঐতিহ্য সমুন্নত রাখতে হবে: বিএডিসি চেয়ারম্যান