Cox News

এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, দুই দিনের মধ্যে স্বাভাবিক হবে সরবরাহ

এলএনজির ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটির কারণে দেশে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছে। তবে মেরামতকাজ চলমান রয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে সরকার। বুধবার (২২ জুলাই) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, এলএনজির একটি ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। ত্রুটি মেরামতের কাজ চলছে এবং আগামী দুই দিনের মধ্যে এটি সমাধান হবে বলে আশা করা হচ্ছে। মনির হোসেন চৌধুরী জানান, গ্যাস সরবরাহে বিঘ্নের কারণে কিছু সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। তবে এই সংকট সাময়িক এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তিনি আরও বলেন, দেশে প্রতিদিন প্রাকৃতিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে প্রতিদিন সরবরাহ করা সম্ভব হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে দীর্ঘদিন ধরেই চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি রয়েছে। যুগ্ম সচিব জানান, দেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রম দীর্ঘদিন ধরে পর্যাপ্ত গুরুত্ব পায়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, দুই দিনের মধ্যে স্বাভাবিক হবে সরবরাহ