Cox News

‘ইংল্যান্ডকে হারিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ’

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা যেন থামছেই না। ভক্তরা স্পেনের কাছে আলবিসেলেস্তেদের অসহায় আত্মসমর্পন মেনে নিতেই পারছেন না। তবে ব্যতিক্রমী কথা শোনালেন আনহেল দি মারিয়া। তাঁর মতে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সব আনন্দ পেয়েছে আর্জেন্টাইনরা। বেলগ্রানোর কাছে ২-১ গোলে হেরে ক্লাউসুরা টুর্নামেন্টের নতুন মৌসুম শুরু করেছে রোজারিও সেন্ট্রাল। দলের হারের পর সংবাদ সম্মেলনে আসেন দি মারিয়া। সেখানে রোজারিও পারফরম্যান্সের চেয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন নিয়েই বেশি কথা বলেছেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। গত ১৬ জুলাই শেষ চারের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে প্রায় হারতেই বসেছিল আর্জেন্টিনা। অ্যান্থনি গর্ডনের গোলে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল তিনবারের চ্যাম্পিয়নরা। তখন মনে হচ্ছিল, হার কেবল সময়ের ব্যবধান তাদের জন্য। কিন্তু ৭ মিনিটের ঝড়ে দৃশ্যপট বদল দেয় আর্জেন্টিনা। এনসো ফার্নান্দেজের গোলে সমতা টানার পর লাউতারো মার্তিনেস জালের দেখা পেলে জয় নিশ্চিত হয় সাবেক চ্যাম্পিয়নদের। দি মারিয়ার মতে, ইংল্যান্ডের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে সেই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার মানুষদের জন্য। তিনি বলেন, ‘ইংল্যান্ডকে হারানোর ম্যাচেই আমার কাছে বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ইংল্যান্ডকে হারানোই পুরো দেশকে সবচেয়ে বড় আনন্দ দিয়েছে।’ আর্জেন্টিনা দলে অধিনায়ক লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন দি মারিয়া। উত্তর আমেরিকায় হওয়া বিশ্বকাপে ৮ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেন এলএমটেন। এমন পারফরম্যান্সের পর আর্জেন্টিনা দলে মেসির খেলা চালিয়ে যাওয়াটা স্বাভাবিক বলেই মনে হচ্ছে দি মারিয়ার কাছে। এই প্রসঙ্গে দি মারিয়া বলেন, ‘৩৯ বছর বয়সেও দেখিয়ে যাচ্ছে কেন সে (মেসি) ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। সে যতদিন চাইবে, ততদিনই খেলুক।’ আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছেন দি মারিয়া। সাম্প্রতিক সাফল্যের পেছনে স্কালোনির অবদান তুলে ধরে তিনি বলেন, ‘স্কালোনিই তো স্কালোনেতা। আশা করি, সে দায়িত্বে থেকে যাবে।’

‘ইংল্যান্ডকে হারিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ’