উখিয়ায় এপিবিএন কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, দরজা কেটে লাশ উদ্ধার
মুসলিম উদ্দিন:কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএনের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প থেকে এএসআই (স) রুবেল হোসেন (৩১) নামের এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (৮ আগস্ট) ভোরে ওয়াশরুমের দরজা কেটে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, ওয়াশরুম ব্যবহার করার সময় তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ক্যাম্পের নিয়মিত রোলকলে এএসআই (সহকারী উপ-পরিদর্শক)রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সহকর্মীরা তাঁকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।পরদিন শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমের দিকে গেলে সেটি ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি ও ধাক্কাধাক্কির পরও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে কাউকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ক্যাম্পের অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে নিখোঁজ এএসআই রুবেলকে ওয়াশরুমের মেঝেতে অচেতন অবস্থায় দেখতে পান।ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে, ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সবার উপস্থিতিতে ওয়াশরুমের দরজা কেটে ভেতরে প্রবেশ করে এএসআই রুবেল হোসেনের লাশ উদ্ধার করা হয়।উদ্ধারের সময় ওয়াশরুমের ভেতর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট জব্দ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে, ১৪ এপিবিএন সূত্র জানায়, চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে স্বাভাবিক মৃত্যু বা স্ট্রোক মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।