কোর্টবাজারে সড়কজুড়ে ময়লার পাহাড়: চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ
জিসেন বড়ুয়া:উখিয়ার কোট বাজারের একটি গুরুত্বপূর্ণ সড়ক এখন যেন খোলা ডাস্টবিনে পরিণত হয়েছে। রাস্তার দুই পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখায় সৃষ্টি হয়েছে ভয়াবহ নোংরা পরিবেশ। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী নিয়ম-নীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলছেন। ফলে প্রতিদিনই ময়লার স্তূপ বড় হচ্ছে এবং পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন আশপাশের স্কুল ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে তাদের যাতায়াত করতে হয়। নোংরা পরিবেশ ও দুর্গন্ধের কারণে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি কোট বাজারের মাঝখান থেকে বড়ুয়া পাড়া হয়ে ভালুকিয়া রোডের সঙ্গে সংযুক্ত। একই সড়ক দিয়ে কোট বাজারের বড় কবরস্থান ও মসজিদে যাতায়াত করেন অসংখ্য মানুষ। ফলে সড়কটির এমন বেহাল অবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।ময়লার স্তূপের কারণে একদিকে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে পরিবেশ হয়ে উঠছে অসহনীয়। স্থানীয়রা আশঙ্কা করছেন, দীর্ঘদিন ধরে এভাবে ময়লা পড়ে থাকলে জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক থেকে ময়লা-আবর্জনা অপসারণ করতে হবে এবং ভবিষ্যতে যাতে কেউ রাস্তার পাশে আবর্জনা ফেলতে না পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ এই সড়কটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী রাখার দাবি জানিয়েছেন তারা।