চট্টগ্রাম বন্দরে ঢোকার সময় কর্ণফুলী নদীর মোহনায় বয়ার সঙ্গে ধাক্কার পর কনটেইনারবাহী একটি জাহাজ আটকা পড়েছে। সোমবার বিকালে দুর্ঘটনাটি ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে বন্দরের শক্তিশালী তিনটি টাগবোট এবং নৌবাহিনী ও টানেল কর্তৃপক্ষের ২টি টাগবোট কাজ করছে।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানান, এমভি সিএনসি ইউরেনাস নামের জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে চলার সময় স্টিয়ারিংয়ে কারিগরি ত্র“টি দেখা দেয়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে এটি ২ নম্বর রেড বয়ায় ধাক্কা দেয়। পরে রিটেইনিং ওয়ালে আটকে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে বন্দর কর্তৃপক্ষ। কান্ডারি-৪ ও কান্ডারি-১১ নামে দুটি টাগবোট ঘটনাস্থলে গিয়ে জাহাজটি সরানোর কাজ শুরু করে। রাত আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটির ত্রুটি মেরামত কাছ চলছিল।
জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধারকাজে অংশ নিয়েছে। তারা জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে এবং চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।
একজন কর্মকর্তা জানান, বন্দরের বহির্নোঙরে অবস্থান করা কনটেইনারবাহী জাহাজগুলোকে বন্দর চ্যানেল দিয়ে জেটিতে নিয়ে আসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব পাইলটরা। ওই সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি।