লিওনেল মেসি কি আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে ২০২৬ বিশ্বকাপের ফাইনালই হবে আর্জেন্টিনার হয়ে তার শেষ ম্যাচ? সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসের সাম্প্রতিক এক মন্তব্য এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ৩৯ বছর বয়সী এই মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখন ফুটবল বিশ্বে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বিশ্বকাপ ফাইনালের তিক্ততা ও বিতর্ক পেছনে ফেলে দ্রুতই ক্লাব ফুটবলে ফিরেছেন লিয়ান্দ্রো পারেদেস। বৃহস্পতিবার কোপা সুদামেরিকানার প্লে-অফ ম্যাচে বোকা জুনিয়র্সের হয়ে পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। ও’হিগিনসের বিপক্ষে ১-০ গোলের জয়ে একমাত্র গোলটিতে সহায়তাও করেন এই মিডফিল্ডার। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মেসির অবসর প্রসঙ্গে এক বোমা ফাটানো তথ্য দেন।
পারেদেস জানান, মেসি সম্ভবত আগে থেকেই মনস্থির করেছিলেন যে বিশ্বকাপের ফাইনালটিই হবে জাতীয় দলের জার্সিতে তার শেষ পদচারণা। তবে নিজের বক্তব্যের রেশ ধরে তিনি একটি আশার বাণীও শুনিয়েছেন। পারেদেস বলেন, তিনি চান না এটাই মেসির শেষ ম্যাচ হোক এবং মেসি যদি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে সতীর্থ হিসেবে তারা সবাই খুশি হবেন।
jwARI.fetch( $( "#ari-image-jw6a64705879ae2" ) );
বিশ্বকাপের ফাইনালটি আর্জেন্টিনার জন্য ছিল অত্যন্ত হতাশাজনক। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের ১০৬ মিনিটের গোলে স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তেদের। রানার্সআপ মেডেল নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় মেসিকে। বিশ্বকাপের এই আসরে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করলেও কেবল ফাইনাল ম্যাচেই কোনো অবদান রাখতে পারেননি তিনি।
মাঠের পারফরম্যান্স ছাপিয়ে ফাইনালের শেষ মুহূর্তগুলো ছিল চরম বিশৃঙ্খল। স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন আর্জেন্টিনার বেশ কয়েকজন সদস্য। যার কেন্দ্রে ছিলেন লিয়ান্দ্রো পারেদেস নিজে। স্পেনের এরিক গার্সিয়া ও গাভিকে আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে ফিফার তদন্ত ও কঠোর শাস্তির সম্ভাবনা রয়েছে। এমনকি পরবর্তী বিশ্বকাপে তাকে নিষিদ্ধ করার দাবিও তুলেছেন অনেকে। তবে ঘরের মাঠ লা বোম্বোনেরায় বোকা জুনিয়র্সের সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি।
লিয়ান্দ্রো পারেদেস বলেন, ‘ব্যপারটি কষ্টদায়ক। পুরো বিশ্বকাপজুড়ে আমরা বলেছি যে আমরা চাইনি তার শেষ ম্যাচটি আসুক। আমার মনে হয়, সে আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে এটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে।’
মেসির বিদায় নিয়ে টানেলের একটি ভিডিও ফুটেজও নতুন আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচের আগে মেসি তার বিষণ্ণ সতীর্থদের উদ্দ্যেশ্যে বলেছিলেন, ‘সবকিছু ভুলে শুধু খেলায় মন দাও।’ অনেকের ধারণা, ম্যাচের আগেই হয়তো সতীর্থদের কাছে নিজের অবসরের কথা জানিয়েছিলেন অধিনায়ক, যার প্রভাব পড়েছিল দলের আবেগপ্রবণ ও আগ্রাসী পারফরম্যান্সে।
লিওনেল মেসি সরাসরি নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো মুখ খোলেননি। তবে ফাইনালের জন্য তৈরি করা তার বিশেষ বুটে ‘এল উল্টিমো ট্যাঙ্গো’ (দ্য লাস্ট ট্যাঙ্গো) বা ‘শেষ নাচ’ লেখা থাকায় অবসরের গুঞ্জন জোরালো হয়। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত তার চুক্তি থাকলেও জাতীয় দলের হয়ে ৩৯ বছর বয়সে আর কোনো টুর্নামেন্টে তাকে দেখা যাবে কি না, তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। ফাইনাল হারের পর এক আবেগপূর্ণ বিবৃতিতে তিনি ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানালেও আন্তর্জাতিক ফুটবলে নিজের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি।