চট্টগ্রামের বাঁশখালী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ‘ইমার্জেন্সি রিলিফ প্রকল্প’ পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া। তিনি বন্যাকবলিত এলাকায় তিন মাসের ঋণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আস্কোরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির বন্যাকবলিত এলাকায় তিন মাস ঋণ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এনজিও বিষয়ক ব্যুরোর সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) শরিফ আহম্মেদ, প্রশাসনিক কর্মকর্তা বাহাদুর রইচুর রহমান, বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন, ওসি রবিউল হকসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ, প্রতিটি ৫৩ কেজি ওজনের ফ্যামিলি ফুড প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ লিটার ভোজ্য তেল। এছাড়া প্রতিটি স্বাস্থ্য সুরক্ষা প্যাকেটে ছিল স্যানিটারি ন্যাপকিন, শ্যাম্পু, সাবান, ওয়াশিং পাউডার, টুথপেস্ট, টুথব্রাশ, অ্যান্টিসেপটিক লিকুইড।