বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় মানছেন না। কারণ গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মানলে বিএনপির নোট অব ডিসেন্ট বাতিল হবে। এই আদেশ না মানলে সরকার ও সংসদ অবৈধ।
গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ‘গণভোটের গণরায় বাস্তবায়নে চ্যালেঞ্জ: উত্তরণে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব বলেছেন গোলাম পরওয়ার। আইনজীবী ঐক্য পরিষদ এই সেমিনারের আয়োজন করে।
গোলাম পরওয়ার বলেন, বিএনপির নোট অব ডিসেন্টের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে প্রধান সংস্কারগুলোই হবে না। তাই বিএনপি ধোঁকা দিচ্ছে। ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি জসীম উদ্দীন সরকার বলেন, বর্তমান অ্যাটর্নি জেনারেল জেল-জুলুমের শিকার ছিলেন। সংস্কার ছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৈরি সংবিধানে রাষ্ট্র পরিচালিত হলে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা গড়ে উঠবে।
ল ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, যারা এখন জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে, তাদের কাউকে গণঅভ্যুত্থানের সময় খুঁজে পাওয়া যায়নি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে বিএনপি অবৈধ বললেও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সংবিধানের চতুর্থ তপশিল ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি সংক্রান্ত সুনির্দিষ্ট অনুচ্ছেদ। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রান্তিকাল। সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন।