কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মিনারা বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যাম্প-২/ইস্টের ব্লক-এ/৮ এলাকায় এ অভিযান চালানো হয়।
১৪ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের একটি দল ওই এলাকার জানে আলমের বসতঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় নারী পুলিশ সদস্যদের সহায়তায় মিনারা বেগমকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি পালিয়ে যান।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে মিনারা বেগমের শয়নকক্ষে খাটের ওপর রাখা তোষকের নিচে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে নীল রঙের ৪০টি জিপারযুক্ত ব্যাগে রাখা ইয়াবা পাওয়া যায়। প্রতিটি ব্যাগে ২০০টি করে মোট ৮ হাজার পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন ৭৪৫ গ্রাম।
১৪ এপিবিএন জানায়, প্রতিটি ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০০ টাকা হিসেবে উদ্ধার করা মাদকের মোট মূল্য প্রায় ২৪ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার মিনারা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টিও পুলিশের নজরদারিতে রয়েছে।