জিসেন বড়ুয়া, মোহাম্মদ রাসেল:
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া এলাকায় মাদক কারবার, সেবনের আসর এবং অনৈতিক কর্মকাণ্ড বন্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত আবেদন করা হয়েছে।
গত ১৬ আগস্ট এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে ১নং জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর এই আবেদন করেন।
আবেদনে সোনার পাড়া ও মোনাফ মার্কেট এলাকার বাসিন্দা হালিমা খাতুন (৫৪), নাসরিন আক্তার মৌসুমি (২৬), ইউসরা হোসাইন (২০) এবং ইয়াছিনসহ একই পরিবারের কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
বাদীর অভিযোগ, বিবাদীরা গত ৫-৬ বছর ধরে বসতবাড়িতে মাদকের আসর ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। স্থানীয়রা সতর্ক করলেও তারা তা বন্ধ করেননি। এছাড়াও তাদের বিরুদ্ধে ইয়াবা কারবার, চুরি এবং প্রলোভন দেখিয়ে পরবর্তীতে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও আনা হয়েছে।
এলাকার সামাজিক পরিবেশ ও যুবসমাজকে রক্ষায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে আবেদনে।