নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার টিএন্ডটি এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে দায়িত্ব পালনকারী সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একই চেকপোস্টে দুই কলেজছাত্রীকে অযথা আটকে রাখা এবং পরে এপিবিএনের এক সদস্যের বিরুদ্ধে তাঁদের গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, চেকপোস্টে যানবাহনের দীর্ঘ সারি থাকায় কলেজে পৌঁছাতে দেরি এবং ক্লাস মিস হওয়ার আশঙ্কায় দুই ছাত্রী সিএনজিচালিত অটোরিকশার চালককে আগে চলে যেতে বলেন। তাঁরা নিজেরাই সেনাবাহিনীর সদস্যদের বিষয়টি জানানোর কথা বলেন। পরে চালক গাড়ি নিয়ে সামনে এগিয়ে গেলে সেনাবাহিনীর সদস্যরা ছাত্রীদের কথা শুনে তাঁদের যেতে সহযোগিতা করেন।
তবে অভিযোগ রয়েছে, কিছুদূর এগোনোর পর এপিবিএনের এক সদস্য পুনরায় সিএনজিচালিত অটোরিকশাটি থামান। এ সময় চালককে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং গাড়িতে থাকা দুই কলেজছাত্রীকে নামিয়ে দেন।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে, সেনাবাহিনীর সদস্যরা যাচাই-বাছাই করে একটি গাড়ি ছেড়ে দেওয়ার পর এপিবিএনের ওই সদস্য কী কারণে পুনরায় গাড়িটি থামালেন? একই চেকপোস্টে দায়িত্ব পালনকারী দুই বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।
বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী দুই কলেজছাত্রীকে এভাবে বারবার আটকে রাখার প্রয়োজনীয়তা কতটুকু ছিল, তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে, ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।