ইমরান আল মাহমুদ:
কক্সবাজার পৌরসভার বাজারঘাটা এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাজী বিরিয়ানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খাদ্য তৈরিতে নিষিদ্ধ ক্যাওড়া জল ব্যবহার, হুইল পাউডার দিয়ে ডিশ ওয়াশ, খাদ্যকর্মীদের হেয়ার নেট ব্যবহার না করা, খাবার ঢাকনাবিহীন অবস্থায় সংরক্ষণ, টয়লেটে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকা এবং মাকড়সার জালসহ নোংরা পরিবেশে খাবার উৎপাদনের প্রমাণ পাওয়ায় হাজি বিরিয়ানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানে মুরগি, মাংস ও মুদি দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা ব্যবহার এবং সঠিক ওজনে পণ্য ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন বিষয়ে নজরদারি করা হয়।
সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন,"খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন মেনে চলতে হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।"
অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয়।