মুসলিম উদ্দিন:
নিখোঁজ হওয়ার পর উদ্বেগ-উৎকণ্ঠায় যখন পরিবারের সদস্যরা, তখনই দ্রুত তৎপর হয়ে মাঠে নামে উখিয়া থানা পুলিশ। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার মাত্র ১ ঘণ্টা ৫০ মিনিটের মধ্যেই উখিয়া থানা পুলিশের কৌশলী তৎপরতায় ৭ বছর বয়সী শিশু পূর্ণ বড়ুয়াকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শিশু পূর্ণ বড়ুয়া নিখোঁজ হওয়ার ঘটনায় উখিয়া থানায় জিডি করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদারের দিকনির্দেশনায় এএসআই স্বদেশ বিশ্বাস কলা-কৌশলের মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্ত ও উদ্ধারে তৎপরতা চালান।
এরপর দুপুর ১টা ১০ মিনিটের দিকে ওসি'র নেতৃত্বে এসআই উত্তম কুমার সূত্রধরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নিখোঁজ শিশু পূর্ণ বড়ুয়াকে উদ্ধার করতে সক্ষম হয়। উখিয়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শিশুটিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
পুলিশের এমন দ্রুত ও কৌশলী তৎপরতায় স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে।