ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রামু উপজেলার চৌমুহনী বাজার ও মাছ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
অভিযানে চৌমুহনী বাজারের গরুর মাংস বিক্রেতাকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা, রায়হান হোটেলকে খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৭ হাজার টাকা, খায়ের মেডিক্যাল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ভালো ওষুধের সঙ্গে সাজিয়ে রাখার দায়ে ৫ হাজার টাকা এবং প্রিয়ম ফুডসকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাছ বাজার এলাকার কনক স্টোরকে মোড়কজাত শিশু খাদ্যে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি), উৎপাদনের তারিখ ও মেয়াদসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিভিন্ন ফলের দোকান, মুদি দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানসমূহ তদারকি করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজনে পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে মানা হচ্ছে কি না এসব বিষয়ে নিবিড়ভাবে নজরদারি করা হয়।
অভিযানে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয়। অভিযানে রামু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মমতাজ উদ্দিন সহ রামু থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং মূল্য তালিকা প্রদর্শনের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”